জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। শুক্রবার এক অফিসিয়াল বিবৃতিতে ডিএফবি এই খবর নিশ্চিত করেছে। ক্লপ চার বছরের চুক্তিতে এই দায়িত্ব গ্রহণ করেছেন।
ক্লপ বুরুশিয়া ডর্টমুন্ড এবং লিভারপুলের সাবেক কোচ। তিনি ইউলিয়ান নাগেলসমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে জার্মানির বিদায়ের পর নাগেলসমান দায়িত্ব ছেড়ে দেন। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর জার্মানি এবারও ব্যর্থতার ধারা বজায় রেখেছে।
ক্লপের প্রতিক্রিয়া ও লক্ষ্য
দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ক্লপ এক বিবৃতিতে জানান, জাতীয় ফুটবল দলের মতো খুব কম বিষয়ই জার্মানদের এক সুতোয় বাঁধতে পারে, যা এই দায়িত্বটিকে তার কাছে বিশেষ করে তুলেছে। তিনি আরও যোগ করেন, বিগত দেড় বছরে রেড বুলে তার যে অভিজ্ঞতা ও শিক্ষা হয়েছে এবং ডিএফবির সঙ্গে এই চুক্তিটি সম্ভব করতে তারা যে উদারতা দেখিয়েছে, তার জন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞ।
ক্লপ তার মূল লক্ষ্য হিসেবে এমন একটি দল গড়ার কথা বলেছেন, যারা একে অপরের জন্য লড়বে, ফুটবলকে উপভোগ করবে এবং যার পেছনে দেশের মানুষ পূর্ণ আস্থা নিয়ে দাঁড়াতে পারবে। তিনি এই বিশেষ দায়িত্বটিকে বিনয় ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার দিকে তাকিয়ে আছেন।
সহকারী ও ব্যবস্থাপনা দল
নতুন দায়িত্বে ক্লপের সহকারী হিসেবে কাজ করবেন পিটার ক্রাভিৎজ, পেপ লিন্ডারস এবং জার্মানির সাবেক খেলোয়াড় স্ভেন বেন্ডার। এছাড়া, ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক ডিফেন্ডার পার মার্টেসাকারকে ডিএফবি স্পোর্টস ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। আন্দ্রেয়াস রেটিগের স্থলাভিষিক্ত হয়ে তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি সই করেছেন।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্নড নয়েনডর্ফ জানান, শুরু থেকেই ফেডারেশনের প্রথম পছন্দ ছিলেন ক্লপ। তিনি বলেন, ডিএফবির সবাই একমত ছিলেন যে, ক্লপই সেই ব্যক্তি যার সঙ্গে তাদের কথা বলা উচিত। ক্লপের সঙ্গে আলোচনার পর তাদের এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে, সঠিক সময়ে সঠিক মানুষটিকেই তারা পেয়েছেন।
ক্লপের কর্মজীবন
ক্লপ বরুসিয়া ডর্টমুন্ডে কোচ হিসেবে বুন্দেসলিগা জিতেছেন দুবার এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও ডর্টমুন্ডকে তুলেছেন। ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে তার অধীনে ৩০ বছরের খরা কাটিয়ে ২০২০ সালে লিগ শিরোপা জেতে লিভারপুল। লিভারপুল চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছে।
ক্লপ ২০২৫ সাল থেকে অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি রেড বুলের সঙ্গে সম্পৃক্ত ক্লাব আরবি লাইপজিগ, রেড বুল সালজবুর্গ এবং নিউইয়র্ক রেড বুলসের ফুটবল কার্যক্রম তদারক করেন। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোনো ফি ছাড়াই রেড বুল তাকে ছেড়ে দেবে। এর পরিবর্তে মেরুদণ্ডের আঘাতসংক্রান্ত গবেষণায় সহায়তাকারী সংস্থা ‘উইংস ফর লাইফে’ ১০ লাখ ইউরো অনুদান গ্রহণ করবে তারা।
ক্লপের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল জার্মানির ক্লাব মেইঞ্জে। এই ক্লাবে তিনি খেলোয়াড় হিসেবেও এক দশকের বেশি সময় কাটান।
Source: bangla.thedailystar.net