ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। প্রথমার্ধে কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধে টমাস টুখেল-এর দল দারুণ ফুটবল খেলে জয় তুলে নেয়। এই জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে মোট ৭ পয়েন্ট অর্জন করে গ্রুপ সেরা হয়।
ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মার্কাস রাশফোর্ড অষ্টম মিনিটে বাঁ দিক থেকে একটি জোরালো শট নেন, যা পানামার গোলরক্ষক মসকেরা দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম এবং রাশফোর্ড আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেইনকে ফাউল করার পর ইংল্যান্ড একটি ফ্রি-কিক পায়, কিন্তু রাশফোর্ডের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। হ্যারি কেইন ৫২ মিনিটে একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। তবে ৬২তম মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে ডেডলক ভাঙেন। বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল তিনি সাইড ভলিতে জালে জড়িয়ে দেন। এটি ছিল বেলংহ্যামের ৫১ ম্যাচে অষ্টম গোল এবং বিশ্বকাপে তার তৃতীয় গোল। বেলংহ্যাম ২২ বছর ৩৬৩ দিন বয়সে বিশ্বকাপের ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রেকর্ড গড়েন।
গোল হজমের পর পানামা সমতায় ফেরার একটি সুযোগ পেয়েছিল, কিন্তু হোসে লুইস রদ্রিগেজ-এর দল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এরপর ৬৭তম মিনিটে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করেন। বেলংহ্যামের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক। এই গোলের মাধ্যমে কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস গড়েন, তার মোট গোলসংখ্যা এখন ১১টি। তিনি কিংবদন্তি গ্যারি লিনেকারকে পেছনে ফেলেন, যার ১০টি গোল ছিল।
ইংল্যান্ডের হয়ে কেইনের এটি চলতি আসরে তৃতীয় গোল। প্রথমার্ধে ইংল্যান্ড ৭২ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয়, যার মধ্যে দুটি লক্ষ্যে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আটটি শট নেয়, যার মধ্যে চারটি লক্ষ্যে ছিল এবং দুটি সফল হয়। দুই উইংয়ে মার্কাস রাশফোর্ড এবং বুকায়ো সাকা বেশ ক্ষিপ্র ছিলেন। জর্ডান পিকফোর্ড ২৬তম মিনিটে হোসে লুইস রদ্রিগেজ-এর একটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন।
অন্যদিকে, পানামা তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে। গত ১৬ বছরের মধ্যে বিশ্বকাপে গোল করতে ব্যর্থ হওয়া প্রথম দল এখন পানামা। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। ঘানা ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করলেও, সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হিসেবে তারাও পরের ধাপে পৌঁছেছে। ইংল্যান্ডের শেষ বত্রিশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
Read Also
Source: bangla.bdnews24.com